টাঙ্গাইল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে গোপালপুরের সূতী ভি.এম. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সেলিম মিঞা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঞ্জুরুল মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস নূরজাহান আক্তার সাথী, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, সাধারণ সম্পাদক মো. চাঁন মিয়া, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন এবং সদস্য সচিব মো. বদিউজ্জামান রানা। এছাড়াও গোপালপুর ও ধনবাড়ী উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে স্বাগতিক গোপালপুর উপজেলা একাদশ দারুণ নৈপুণ্য প্রদর্শন করে ধনবাড়ী উপজেলা একাদশকে ১-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে।
খেলা শুরুর অনেক আগে থেকেই সূতী ভি.এম. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গোপালপুর ও ধনবাড়ী উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো ক্রীড়াপ্রেমী দর্শকের সমাগম ঘটে। পুরো ম্যাচজুড়ে দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি ও মুহুর্মুহু করতালিতে মুখরিত ছিল মাঠ। তাদের উৎসাহে খেলোয়াড়রাও উজ্জীবিত হয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেন।
খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনকে ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্যে স্কুল প্রাঙ্গণ পরিণত হয় এক মিলনমেলায়।

বিশ্বজিৎ চক্রবর্তী, টাঙ্গাইল প্রতিনিধি 



















