জয়পুরহাটে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন সূর্য পূজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে জয়পুরহাট চিনিকলের পুকুরপাড়ে এ পূজার আয়োজন করা হয়। এতে শত শত ভক্তের সমাগম ঘটে।
জানা গেছে, প্রতিবছর কালী পূজার পর ষষ্ঠী তিথিতে সূর্যদেবকে সন্তুষ্ট করতে হিন্দু ধর্মাবলম্বীরা এ পূজার আয়োজন করে থাকেন।
পূজা উপলক্ষে রোববার সারাদিন উপবাস পালন করেন ভক্তরা। বিকেলে ফুল, প্রসাদ, বাদ্য-বাজনাসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে খালি পায়ে হেঁটে পুকুরপাড়ে সমবেত হন তারা। সূর্যাস্তের আগ মুহূর্তে কোমর পানিতে দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ করে হাতজোড় করেন ভক্তরা। এ সময় ডালা ও কুলায় সাজানো প্রসাদ সামনে রেখে প্রদীপ জ্বালিয়ে সূর্যদেবের আরাধনা করা হয়।
ঢাক-ঢোলের বাদ্যে মুখর হয়ে ওঠে পুকুরপাড়ের পরিবেশ। পূজাকে কেন্দ্র করে সেখানে ভক্তদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
আয়োজকরা জানান, প্রতিবছর জয়পুরহাট সরকারি মহিলা কলেজের পুকুরপাড়ে এ পূজা অনুষ্ঠিত হলেও ঘাটের সমস্যা থাকায় এবার চিনিকলের পুকুরপাড়ে আয়োজন করা হয়েছে।
প্রথম দিনের পূজা শেষে সোমবার ভোরে আবারও পুকুরপাড়ে সমবেত হবেন ভক্তরা। সূর্যোদয়ের পূর্ব মুহূর্ত থেকে শুরু হবে দ্বিতীয় দিনের পূজা। সূর্য উদয়ের পর সূর্যদেবকে প্রণাম, স্নান ও শরবত পান করার মধ্য দিয়ে শেষ হবে এ ধর্মীয় আয়োজন।

অনলাইন ডেস্ক 


















