মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের (কাজী) নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কুড়িগ্রামে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। চলমান আন্দোলনের অংশ হিসেবে সোমবার (১৬ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল থেকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নিকাহ রেজিস্ট্রার ও কাজীরা কর্মসূচিতে অংশ নেন। বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার সমিতি ঐক্য পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
আন্দোলনরত কাজী ও নেতৃবৃন্দ জানান, নিয়োগকালীন অধিক্ষেত্র বহালের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন ও কর্মসূচি অব্যাহত থাকবে। এতে জেলার বিবাহ নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে বিঘ্নিত হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে পিছু হটবেন না বলে হুঁশিয়ারি দেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, একটি ইউনিয়নে বিয়ে নিবন্ধনের মাধ্যমে যে আয় হয়, তা দিয়ে একজন নিকাহ রেজিস্ট্রারের সংসার চালানোই কঠিন। এর মধ্যে একই ইউনিয়নে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হলে কাজের পরিধি ও আয়ের সুযোগ আরও সংকুচিত হবে। ফলে আর্থিক সংকটের পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে জীবনযাপনও কঠিন হয়ে পড়বে।
তারা কাজী পেশার মর্যাদা রক্ষা এবং দীর্ঘদিনের প্রচলিত নিয়ম ও নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান আন্দোলনকারীরা।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার সমিতি ঐক্য পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কাজী মাওলানা নুরুজ্জামান, সাধারণ সম্পাদক কাজী মাওলানা মোশাররফ হোসেন, সহসাধারণ সম্পাদক কাজী মাওলানা জাহিদুল ইসলাম জুয়েল ও কোষাধ্যক্ষ কাজী মাওলানা আব্দুল খালেক খন্দকারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কুড়িগ্রাম প্রতিনিধি 


















