চলনবিল মিডিয়া লিমিটেডের সম্মানিত পরিচালক এবং আলফা ক্রেডিট রেটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ভোর ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চলনবিল অধ্যুষিত তালবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল মান্নান। তিনি কাছিকাটা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের দীর্ঘ সময় তিনি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সে অত্যন্ত সুনামের সাথে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি ‘আলফা ক্রেডিট রেটিং লিমিটেড’ প্রতিষ্ঠা করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।
পেশাগত জীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের সাথে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। কিছুদিন তিনি ‘চলনবিল প্রবাহ’ পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। আব্দুল মান্নান ঢাকাস্থ নাটোর জেলা সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং চলনবিল উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি কাছিকাটা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন, বিশিষ্ট ব্যক্তিদের কর্মজীবন নিয়ে স্মরণিকা প্রকাশ এবং লেখালেখির সাথে যুক্ত ছিলেন। নিজ এলাকার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও নানা সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নেও তাঁর অসামান্য অবদান রয়েছে।
তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। ঢাকাস্থ নাটোর জেলা সমিতির সভাপতি আহসান খান চৌধুরী, নির্বাহী সভাপতি খোন্দকার আবুল কাসেম এবং সাধারণ সম্পাদক মোতাকাব্বীর আহমেদ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

স্টাফ রিপোর্টার 


















