কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতভর জেলার ১৮টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৬২৪ জন কিশোর-তরুণকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, কিশোর ও তরুণদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা নিয়ে উদ্বেগ বাড়ছে। ছিনতাই, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ ও সহিংসতায় কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে জেলার সব থানায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কুমিল্লা নগরীর বিভিন্ন আড্ডাস্থল, অপরাধপ্রবণ এলাকা এবং জেলার বিভিন্ন থানার বখাটেদের উৎপাত রয়েছে—এমন স্থানগুলোতে তল্লাশি চালানো হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে অংশ নেন।
পুলিশ জানিয়েছে, আটক ৬২৪ জনের বিরুদ্ধে পূর্বের কোনো অপরাধের রেকর্ড রয়েছে কি না এবং তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, এক রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করা হয়েছে। কিশোর ও তরুণদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্ক 


















