চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় আনন্দভ্রমণের বাস দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) ভোরে উপজেলার আধাঁর মার দরগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন–কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৫০) ও সাখাওয়াত (৫৫)।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকরা আনন্দভ্রমণে কক্সবাজার যাচ্ছিলেন। এ উদ্দেশ্যে তারা একটি বাসে যাত্রা শুরু করেন। পথে সাতকানিয়ার আধাঁর মার দরগা এলাকায় পৌঁছালে দ্রুতগতির বাসটি চালকের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে বাসের যাত্রীরা ছিটকে পড়েন এবং অনেকে গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার এসআই রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি নিহত দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

অনলাইন ডেস্ক 



















