পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার সরাসরি আলোচনা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনাপূর্ণ বক্তব্য-বিবৃতি চললেও পাকিস্তান এখনো নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকায় কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, “ইরান, মার্কিন প্রশাসন এবং উপসাগরীয় দেশগুলোসহ সংশ্লিষ্ট সব পক্ষই পাকিস্তানের প্রতি আস্থা রাখছে।”
শাহবাজ শরিফ আরও বলেন, শান্তি প্রতিষ্ঠা সহজ কোনো বিষয় নয়। এর জন্য ধৈর্য, দূরদর্শিতা এবং কঠিন পরিস্থিতিতেও সমাধানের পথে এগিয়ে যাওয়ার মানসিকতা প্রয়োজন।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের চলমান আলোচনা মূলত ‘বিশ্বাসের সংকট’-এর মধ্য দিয়ে এগোচ্ছে।
ভারতের নয়াদিল্লিতে ব্রিকস সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রকে বিশ্বাস না করার যথেষ্ট কারণ ইরানের রয়েছে। তবে আমেরিকারও ইরানের প্রতি আস্থা রাখার যথেষ্ট কারণ আছে।”
তিনি আরও উল্লেখ করেন, দুই দেশের আলোচনায় পারস্পরিক অবিশ্বাস এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

অনলাইন ডেস্ক 


















