পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোসেন (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের বিল ভাদুড়িয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সুমন হোসেন ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সুমনকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সুমন মাদকাসক্ত ছিলেন। তবে তাকে হত্যার পেছনে কী কারণ ছিল এবং কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত কারণ উদঘাটন এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হচ্ছে।
পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন।

অনলাইন ডেস্ক 


















