চিত্রনায়িকা পরীমণির একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে দেওয়া ওই সাক্ষাৎকারে নিজের অতীত সম্পর্ক, বিচ্ছেদ এবং সাবেক স্বামী শরীফুল রাজকে নিয়ে খোলামেলা কথা বলেছিলেন এই অভিনেত্রী।
সাক্ষাৎকারে বিচ্ছেদ প্রসঙ্গে পরীমণি জানান, শরীফুল রাজকে বিয়ে করা কিংবা জীবনের কোনো সিদ্ধান্তকেই তিনি ‘ভুল’ হিসেবে দেখেন না। তার মতে, জীবনের প্রতিটি ঘটনাই একেকটি অভিজ্ঞতা, যা মানুষকে নতুন কিছু শেখায়।
পরীমণি আরও বলেন, অতীতে অন্য প্রাক্তনদের সঙ্গে সম্পর্ক ভাঙার সময়ও অসৌজন্যমূলক পরিস্থিতি কিংবা আত্মসম্মানে আঘাত লাগার মতো কোনো ঘটনা ঘটেনি। বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখেই সেসব সম্পর্কের ইতি ঘটেছিল। ফলে পরবর্তীতে কোথাও দেখা হলেও মুখোমুখি হতে অস্বস্তিতে পড়তে হয়নি।
তবে সাবেক স্বামী শরীফুল রাজের বিষয়টি একেবারেই ভিন্ন ছিল বলে জানান পরীমণি। আক্ষেপের সুরে তিনি বলেন, যার কাছ থেকে সবচেয়ে বেশি শ্রদ্ধা পাওয়ার কথা ছিল, সেই প্রাক্তনের কাছ থেকেই তিনি সবচেয়ে বেশি অপমানিত হয়েছেন। তার মতে, তাদের বিচ্ছেদটি আরও সুন্দর ও সম্মানজনকভাবে হতে পারত।
২০২১ সালে বিয়ের পর ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান শরীফুল রাজ ও পরীমণি। বিচ্ছেদের পর ছেলে শাহীম মোহাম্মদ পুণ্যকে একাই লালন-পালন করছিলেন এই অভিনেত্রী। পরবর্তীতে সাফিরা সুলতানা প্রিয়ম নামে একটি কন্যাশিশুকে দত্তক নেন তিনি।

অনলাইন ডেস্ক 


















