কৃষকদের জন্য নির্ধারিত সরকারি প্রণোদনা ও ভর্তুকিযুক্ত ইউরিয়া সার কালোবাজারে পাচারের চেষ্টা ভেস্তে দিয়েছে পুলিশ। কিশোরগঞ্জের মিঠামইনে অভিযান চালিয়ে ১১১ বস্তা ইউরিয়া সার ও সার বহনে ব্যবহৃত দুটি ট্রলি গাড়ি জব্দ করা হয়েছে।
এ সময় ঘটনাস্থল থেকে হাতেনাতে দুজনকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় সার ডিলারসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কাটখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গাফফারের নেতৃত্বে পুলিশের একটি দল ট্রলি গাড়িতে করে অবৈধভাবে সার স্থানান্তরের সময় শাহিন মিয়া ও জহির মিয়াকে আটক করে।
পরে ট্রলি দুটি তল্লাশি করে অবৈধভাবে পাচারের জন্য নেওয়া ১১১ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। এ ঘটনায় আটক শাহিন মিয়া ও জহির মিয়া ছাড়াও অনুমোদিত সার ডিলার মুস্তাফিজুল ইসলাম রতন এবং লিটন নামের আরও একজনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মিঠামইন থানায় বিশেষ ক্ষমতা ও চোরাচালান প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনোয়ার বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, জব্দ করা ১১১ বস্তা ইউরিয়া সার ও দুটি ট্রলি গাড়ি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

অনলাইন ডেস্ক 


















