এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে মালয়েশিয়া নিশ্চিত হয়েছে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মালয়েশিয়া ও ওমানের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। টানা বৃষ্টির কারণে ম্যাচে টসও করা সম্ভব হয়নি। ফলে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়।
এর ফলে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় মালয়েশিয়া। দুই পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে হংকং। এক পয়েন্ট পাওয়া ওমান গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।
গ্রুপ ‘বি’র রানার্সআপ হংকং কোয়ার্টার ফাইনালে খেলবে পাকিস্তানের বিপক্ষে। অন্যদিকে গ্রুপ ‘এ’ থেকে শেষ আটে উঠেছে নেপাল ও আফগানিস্তান। নেপাল-জাপান ম্যাচটিও বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় স্বাগতিক জাপানকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে।
কোয়ার্টার ফাইনালে নেপালের প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের প্রতিপক্ষ ভারত। এদিকে আইসিসি র্যাংকিংয়ের ভিত্তিতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল।
আগামী সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকে কোয়ার্টার ফাইনালের খেলা শুরু হবে। প্রথম ম্যাচে বাংলাদেশ সময় সকাল ৬টায় পাকিস্তান ও হংকং মুখোমুখি হবে। একই দিন বেলা ১১টায় ভারতের বিপক্ষে খেলবে আফগানিস্তান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টায় নেপাল ও শ্রীলঙ্কার ম্যাচ অনুষ্ঠিত হবে। একই দিন বাংলাদেশ সময় সকাল ১০টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ।

অনলাইন ডেস্ক 



















