কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অপ্রতিমের স্বজন ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। জানাজাকে ঘিরে পুরো ক্যাম্পাসে নেমে আসে শোকের আবহ। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে ১৩ বছর বয়সী অপ্রতিম নিখোঁজ হয়। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। তার নিখোঁজের ঘটনায় পরিবার ও বিশ্ববিদ্যালয়জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
অপ্রতিমকে উদ্ধারে পরিবার, বিশ্ববিদ্যালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিভিন্নভাবে তৎপরতা চালানো হয়। পরে তার মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে শিক্ষক-শিক্ষার্থী, স্বজন ও পরিচিতজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।
জানাজার আগে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ‘আমার একটাই ছেলে। আমার ছেলে কুমিল্লার আকাশের নিচে আপনাদের ভালোবাসায় বড় হয়েছে। আমি ওর বাবা হিসেবে আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। যদি কোনো আচরণে আপনারা দুঃখ পেয়ে থাকেন, আপনারা ক্ষমা করে দেবেন। ওর জন্য দোয়া করবেন, যেন ওর বেহেশত নসিব হয়।’
জানাজা শেষে অপ্রতিমের মরদেহ দ্বিতীয় জানাজার জন্য গন্ধমতিতে নিয়ে যাওয়া হয়।

অনলাইন ডেস্ক 


















