পাবনা সদর উপজেলার কুলুনিয়া গ্রামে স্কুলছাত্রী কামরুন্নাহার কলি (১০) হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবেশী মোস্তফা প্রামাণিক (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ ও রহস্য সম্পর্কে এই মুহূর্তে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছে পুলিশ।
ঘটনার দিন বুধবার (১৬ সেপ্টেম্বর) মোস্তফা প্রামাণিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘মোস্তফাই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ কারণে তাকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে। কীভাবে এবং কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে, মামলার তদন্তের স্বার্থে এই মুহূর্তে তা বলা সম্ভব হচ্ছে না।’
ওসি আরও বলেন, নিহতের বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি অপহরণ মামলা করেছিলেন। সেটি বর্তমানে হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। শিশুটিকে ধর্ষণ করা হয়েছিল কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষে এ বিষয়ে জানা যাবে।
এদিকে নৃশংস এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পাবনা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, পাবনা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ‘বেঁচে থাকার অধিকার চাই’, ‘আমার অধিকার নিয়ে ষড়যন্ত্র মানি না’, ‘শিশু অধিকার আইন বাস্তবায়ন চাই’ ও ‘কলি হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে কোমলমতি শিক্ষার্থীরা অংশ নেয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কলিকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আইনশৃঙ্খলার অবনতি ও বিচারহীনতার কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে বলেও তারা অভিযোগ করেন। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় শিশু কামরুন্নাহার কলি। নিখোঁজের সাত দিন পর বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কুলুনিয়া গ্রামে বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পাবনা প্রতিনিধি 





















