বাবা হোর্হে মেসিকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি লিওনেল মেসি। বাবার শেষকৃত্য শেষে যুক্তরাষ্ট্রে ফেরার কথা থাকলেও পরিবারের সঙ্গে আরও কিছুটা সময় কাটাতে সেই সিদ্ধান্ত আপাতত পিছিয়ে দিয়েছেন আর্জেন্টাইন এই তারকা।
শনিবার গভীর রাতে মায়ামি থেকে ব্যক্তিগত বিমানে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের নিয়ে আর্জেন্টিনায় পৌঁছান মেসি। পরে রোজারিওর কাছে পেরেজ শহরের এল প্রাদো সমাধিক্ষেত্রে ব্যক্তিগত আয়োজনে তার বাবা হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন হয়। অনুষ্ঠানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতি ছিল সীমিত।
বাবাকে শেষ বিদায় জানানোর পর দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরতে চাননি মেসি। পরিবারের সঙ্গে আরও কিছুটা সময় কাটানোর সিদ্ধান্ত নেন তিনি। রোববার সকালে মেসিদের যুক্তরাষ্ট্রে ফেরার গুঞ্জন ছড়ালেও তাদের বহন করার কথা থাকা ব্যক্তিগত বিমানটি শেষ পর্যন্ত মেসি ও পরিবারের সদস্যদের ছাড়াই উড্ডয়ন করে।
পরে বিকেল ৩টার পর মেসি ও তার পরিবারের গাড়িবহর রোজারিওর ফুনেস শহরের একটি সুরক্ষিত আবাসিক এলাকায় পৌঁছায়।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম দোবলে আমারিলার প্রতিবেদনে বলা হয়েছে, বাবার মৃত্যু মেসিকে গভীরভাবে নাড়া দিয়েছে। আপাতত তিনি যুক্তরাষ্ট্রে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে তার পেশাগত দায়িত্ব স্থগিত রাখবেন।

অনলাইন ডেস্ক 


















