২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় ৪ আগস্ট দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগে মেটা প্ল্যাটফর্মের সব সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সরকার। এর ফলে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্যবহার করা সম্ভব হয়নি।
সেদিন দুপুর দেড়টার দিকে সরকারের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচির প্রথম দিনে রাজধানীর শাহবাগসহ কয়েকটি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
একই সময়ে সরকার মোবাইল ইন্টারনেটেও বিধিনিষেধ আরোপ করে। মোবাইল অপারেটরদের সংশ্লিষ্ট সরকারি সংস্থা জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফোর-জি নেটওয়ার্ক বন্ধ থাকবে।
এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ-সহিংসতার মধ্যে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল।
পরবর্তীতে পাঁচ দিন পর, ২৩ জুলাই সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। আর ২৮ জুলাই, প্রায় ১০ দিন পর মোবাইল ইন্টারনেট সেবা পুনরায় চালু হয়।

অনলাইন ডেস্ক 


















