শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ কার্যক্রমে জড়িত অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগের জাজিরা উপজেলা শাখার সহসভাপতি এবং ককটেল বিস্ফোরণে তিনজন নিহত হওয়ার মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ জানায়, রোববার সকালে রাজধানীর মতিঝিল এলাকায় শরীয়তপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও জাজিরা থানা-পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যায় শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৮ জানুয়ারি জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে নয়ন মোল্লা, নবী হোসেন ও সোহান ব্যাপারী নিহত হন। এ ঘটনায় বিস্ফোরক আইনে ৫৩ জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। ওই মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি কুদ্দুস ব্যাপারী।
পুলিশের দাবি, কুদ্দুস ব্যাপারীর বিরুদ্ধে হত্যা, বিস্ফোরণ, লুটপাট ও মানব পাচারসহ বিভিন্ন অভিযোগে শরীয়তপুর ও ঢাকার বিভিন্ন থানায় মোট ৬২টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটিতে তিনি জামিনে থাকলেও একাধিক মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মতিঝিল এলাকা থেকে কুদ্দুস ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে।

অনলাইন ডেস্ক 

















