পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি প্রত্যন্ত পুলিশ চৌকিতে সশস্ত্র হামলায় অন্তত নয়জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। হামলার সময় নিরাপত্তা বাহিনী ও বন্দুকধারীদের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) রাতে জিয়ারত জেলার একটি দুর্গম এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বেলুচিস্তান পুলিশ।
প্রাথমিকভাবে হামলাকারীরা চৌকি থেকে আটজন পুলিশ সদস্যকে অপহরণ করে নিয়ে যায়। পরে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ।
তিনি জানান, উদ্ধার অভিযান শেষে ওই এলাকায় যৌথ তল্লাশি ও সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে অন্তত ১৫ জন হামলাকারী নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
শাহিদ রিন্দ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উগ্রপন্থীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। নিরাপত্তা বাহিনীর ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
এ হামলার দায় এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তবে পাকিস্তানি প্রশাসনের ধারণা, নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রমাণ প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, গত সপ্তাহেও বেলুচিস্তানের উপকূলীয় শহর জিওয়ানির একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছিল বিএলএ। তবে সেই দাবির সত্যতা পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করেনি।

অনলাইন ডেস্ক 


















