কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভুন্দুরচর সীমান্তে টানা ১৫ দিন ধরে শূন্যরেখার কাছে অবস্থান করছেন তিন যুবক। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করলেও বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
রোববার (২৮ জুন) পর্যন্ত ওই তিন যুবককে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থান করতে দেখা গেছে। দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে অনিশ্চয়তার মধ্যে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা।
জানা গেছে, গত ১৪ জুন বিএসএফ রৌমারী উপজেলার ভুন্দুরচর সীমান্ত দিয়ে ওই তিন যুবককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে বিজিবি এবং সীমান্তবাসীর প্রতিরোধে তারা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেননি।
এরপর বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একাধিক দফা পতাকা বৈঠক ও আলোচনা হলেও কোনো সমাধান হয়নি। বিএসএফ তাদের ফিরিয়ে নেয়নি, আবার বাংলাদেশেও প্রবেশের সুযোগ না পাওয়ায় তারা শূন্যরেখাতেই অবস্থান করছেন।
জামালপুর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, রৌমারী উপজেলার ভুন্দুরচর সীমান্তের শূন্যরেখার কাছে এখনো তিন যুবক অবস্থান করছেন। সীমান্তে বিজিবির নজরদারি আগের মতোই কঠোর রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সীমান্তে সৃষ্ট এই অচলাবস্থার দ্রুত সমাধান না হওয়ায় মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

অনলাইন ডেস্ক 


















