সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ওয়ারিশি সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আপন দুই সহোদর ভাই মোঃ জহুরুল ইসলাম (৩৯) ও তার ছোট ভাই জাহিদুল ইসলাম (৩৫) গুরুতর আহত হয়েছেন।
রবিবার (৩ মে) দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের মাটিয়ামালি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মৃত আফজাল হোসেনের ছেলে জহুরুল ইসলাম তার দাদার রেখে যাওয়া জমি দীর্ঘদিন ধরে ওয়ারিশ সূত্রে ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি তার চাচাতো ভাই একই গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে লিটন (৪৫) ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন এবং বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেন।
এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মাতব্বরদের অবহিত করা হলে তারা উভয় পক্ষকে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির পরামর্শ দেন। তবে সবকিছু উপেক্ষা করে অভিযুক্ত লিটন ওই জমিতে জোরপূর্বক নির্মাণকাজ শুরু করার চেষ্টা করেন।
এ ঘটনায় ভুক্তভোগী জহুরুল ইসলাম তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। পরবর্তীতে বিষয়টি আদালতে গড়ালে সংশ্লিষ্ট জমিতে ১৪৪ ধারা জারি করা হয়।
কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে পুনরায় নির্মাণকাজ শুরু করতে গেলে জহুরুল ইসলাম ও তার ভাই বাধা দেন। এ সময় লিটন, আবু সাঈদ (৪০), গুলজার (৪২), গোল মাহমুদ (৩৮), বাঁধন (২০) ও রেজা (৪৫)সহ কয়েকজন মিলে তাদের ওপর হামলা চালায়।
হামলায় জহুরুল ইসলামের মাথা ফেটে গুরুতর জখম হয় এবং তার ছোট ভাই জাহিদুল ইসলামও মারাত্মকভাবে আহত হন। বর্তমানে তারা সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তাড়াশে জমি দখল নিয়ে সংঘর্ষে দুই ভাই গুরুতর আহত
-
রাশিদুল হাসান, তাড়াশপ্রতিনিধি - প্রকাশের সময় : ২০ ঘন্টা আগে
- 28
জনপ্রিয় খবর












