২১ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ// ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ মঙ্গলবার শুরু হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং আন্তঃশিক্ষা বোর্ড -এর অধীনে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও দাখিল পরীক্ষা। সকল পরীক্ষার্থীর শারীরিক ও মানসিক সুস্থতা এবং সফলতা কামনা করছি।
“২০২৬ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিতব্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা”
সুপ্রিয় শিক্ষার্থীজন
পরীক্ষার হলে প্রবেশের পূর্বে দেখে নাও:
১। মূল প্রবেশপত্র, রেজিষ্ট্রেশন কার্ড, কালো কালির বল পয়েন্ট কলম, 4B অথবা HB কাঠ পেন্সিল, ইরেজার ও সার্পনার সাথে নিবে। Non programmable scientific calculator নিতে পারবে। অন্য কোনো বই, কাগজপত্র, ইলেকট্রনিকস্ ডিভাইস পরীক্ষা কক্ষে নেওয়া যাবে না।
২। পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পূর্বে যার যার ধর্মীয় মতাদর্শের আলোকে অবশ্যই স্রষ্টাকে স্মরণ করবে এবং তাঁর সন্তুষ্টির জন্য প্রার্থনা করবে।
৩। তোমাকে অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে।
৪। প্রদত্ত প্রশ্ন পত্রে কোনো অবস্থাতেই কিছু লিখবে না/ দাগ দিবে না।
৫। লেখা শেষ করে উত্তরপত্রটি অবশ্যই কক্ষ প্রত্যবেক্ষকের হাতে দিবে। বেঞ্চের উপর রেখে বের হয়ে যাবে না।
৬। উত্তরপত্রে কোনো অপ্রাসঙ্গিক লেখা, মন্তব্য করা, সংকেত দেওয়া, অনুরোধ করা কিংবা অনুকম্পা প্রার্থনা করা হতে বিরত থাকবে। এরূপ অনাকাঙ্ক্ষিত কিছু দৃশ্যমান হলে উত্তরপত্রটি বাতিল হয়ে যেতে পারে।
৭। কোনো পরীক্ষার্থী কক্ষ প্রত্যবেক্ষক মহোদয়কে কোনো প্রশ্ন করতে চাইলে কক্ষপ্রত্যবেক্ষ মহোদয় তার নিকট না আসা পর্যন্ত নিজ আসন হতে উঠে দাঁড়িয়ে হাত উঁচিয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করতে থাকবে। আসন ত্যাগ করা কিংবা উচ্চস্বরে কক্ষ প্রত্যবেক্ষক মহোদয়কে ডাকা যাবে না।
৮। উত্তরপত্রের শেষ পৃষ্ঠায় বর্ণিত নিয়মাবলি মনোযোগ সহকারে পড়বে এবং তা যথাযথভাবে মেনে চলবে। প্রতিপালনীয় বিষয়গুলো তোমাকে অবশ্যই মেনে চলতে হবে।
৯। অবশ্যই তোমাকে তোমার প্রতিষ্ঠান কর্তৃক মনোনীত পোশাক/ ইউনিফর্ম পরিধান ও প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র বহন করতে হবে।
১০। চুল, দাড়ি কাটিয়ে পরিস্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করতে হবে। তোমার পোশাক কিংবা Outlook দেখে কক্ষ প্রত্যবেক্ষক যেন বিরক্ত বোধ না করেন।
১১। তোমার আচরণ, অঙ্গভঙ্গি এবং কথা বলা/ উপস্থাপনায় কক্ষ প্রত্যবেক্ষক যেন মুগ্ধ হয়ে যান।
১২। O M R sheet এবং উত্তরপত্র হাতে পেয়ে তাড়াহুড়ো করবে না। ডানেবামে না তাকিয়ে কাছে থাকা কালো কালির বলপয়েন্ট কলম দ্বারা বৃত্ত ভরাট করবে এবং উত্তরপত্রের যথাস্থানে রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর, পরীক্ষার বিষয়, পত্র, বিষয় কোড এবং তারিখ লিখবে।
১৩। প্রশ্নপত্র হাতে পাবার পর অস্থির / উত্তেজিত হবে না।খেয়াল করে মনোযোগ সহকারে দেখো প্রতিটি প্রশ্নই তোমার চেনা এবং উত্তরগুলো তোমার জানা।
১৪। নিজের উপর আস্থা রাখবে। বিশ্বাস হারাবে না। জয়ী তুমি হবেই ইনশাআল্লাহ।
জেলা প্রশাসন, কক্সবাজার কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত কক্সবাজার ডিসি কলেজ (EIIN.13897, College Code: 4452) পরিবারের পক্ষ হতে সকল পরীক্ষার্থীর জন্য শুভ ও মঙ্গল কামনায় ।
……………………………..
লেখকঃ অধ্যক্ষ
কক্সবাজার ডিসি কলেজ

মোঃ ইব্রাহিম হোসেন 


















