টাঙ্গাইলের গোপালপুরে সাহাতন নেসা–নায়েব উদ্দিন একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সাহাতন নেসা–নায়েব উদ্দিন একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোসাঃ ঝর্না খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আজিজুল ইসলাম।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২২টি ইভেন্টে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহাতন নেসা–নায়েব উদ্দিন একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মো. আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমজিটিএ জেলা সভাপতি সহকারী অধ্যাপক কে. এম. শামীম।
উল্লেখ্য, “আমি উত্তম হবো” — এই আদর্শকে সামনে রেখে অধ্যাপক ড. মো. আলাউদ্দিন ২০০৫ সালে নিজ অর্থায়নে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পল্লী অঞ্চলে সাহাতন নেসা–নায়েব উদ্দিন একাডেমি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালে তিনি মানসম্মত শিক্ষা বিস্তার ও সম্প্রসারণের লক্ষ্যে ৫২ শতাংশ জমি ক্রয় করে তাঁর পিতা-মাতার নামে প্রতিষ্ঠানটির নামকরণ করেন। নিজস্ব অর্থায়নে একাডেমির ভবন নির্মাণসহ কম্পিউটার ল্যাব, প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম স্থাপন করা হয়েছে।
এ প্রতিষ্ঠানে আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম চালু রয়েছে। বর্তমানে প্রাথমিক শাখায় প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ফলাফল সন্তোষজনক।
বর্তমানে একাডেমিতে ৮ জন শিক্ষক ও ৮ জন শিক্ষিকা কর্মরত রয়েছেন। এছাড়াও, ১ জন অফিস সহকারী ও ১ জন অফিস সহায়ক দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানের নিজস্ব আয় থেকেই শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান করা হয়।
প্রধান শিক্ষক মোসাঃ ঝর্না খাতুন বলেন, প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী শতভাগ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, সকল শর্ত পূরণ সাপেক্ষে প্রাথমিক শিক্ষা পাঠদানের অনুমতির জন্য আবেদন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আলাউদ্দিন বলেন, এলাকার শিক্ষার্থীদের মেধাবী ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠান প্রধানসহ সকল শিক্ষক-শিক্ষিকা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই প্রতিষ্ঠান থেকে গড়ে ওঠা শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক কে. এম. শামীম বলেন, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে একজন বিদ্যোৎসাহী ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ করে নতুন অনেক কিছু জানার সুযোগ হয়েছে। তিনি এ ধরনের আয়োজনের জন্য প্রধান শিক্ষক মোসাঃ ঝর্না খাতুনকে ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

বিশ্বজিৎ চক্রবর্তী, টাঙ্গাইল প্রতিনিধি 





















