টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকিট আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাই পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবেই আসর শেষ করলো নিগার সুলতানা জ্যোতির দল।
রোববার (০১ ফেব্রুয়ারি) নেপালের আপার মুলপানিতে টস জিতে আগে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ডাচরা। প্রথম চার ব্যাটারের কেউই ৪ রানের বেশি করতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১০২ রান।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন সানিয়া খুরানা, ৩৭ বলের ইনিংসে ছিল তাঁর দৃঢ়তা। এছাড়া রবিন রিজকি ৪৫ বলে করেন ৩৯ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার, যিনি নিয়ন্ত্রিত বোলিংয়ে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।
১০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশও শুরুতে চাপে পড়ে। ওপেনার দিলারা আক্তার ৪ রান করে ফিরে যান, অন্য ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসও আউট হন মাত্র ২ রান করে। ২৮ বল খেলা শারমিন আক্তার সুপ্তা করেন ১৩ রান।
এরপর দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। জ্যোতি ৪৪ বলে ৭টি চারের সাহায্যে করেন অপরাজিত ৫০ রান। সোবহানা ২৩ বলে ৩৩ রান করে ম্যাচ শেষ করেন।
এই জয়ের মধ্য দিয়ে বাছাই পর্বের সাত ম্যাচের সবকটিতেই জয় পেলো বাংলাদেশ নারী দল, নিশ্চিত করলো অপরাজিত চ্যাম্পিয়নের গৌরবময় অর্জন।

অনলাইন ডেস্ক 


















