আগামী নির্বাচনে দেশের মা-বোনেরা জামায়াতকে বেছে নেবে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মা-বোনের যে তাদের বেছে নেবেন, সে লক্ষণ তারা ইতোমধ্যেই দেখতে পারছেন।
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি জানান, জনগণের প্রতি তার শতভাগ আস্থা আছে।
জামায়াত আমির বলেন, ‘আগামী নির্বাচনে দেশের জনগণ সুশাসন নিশ্চিত করবে। আমরা শুধু চাই নির্বাচনটা সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’
তবে আগামী নির্বাচন সুষ্ঠু নাও হতে পারে, এমন শঙ্কা প্রকাশ করেছেন জামায়াত আমির। তিনি বলেন, ‘শঙ্কা থাকলেও সেই শঙ্কার বিষয়ে প্রথমে নির্বাচন কমিশনকে জানানো হবে। সমাধান না পেলে জাতিকে জানিয়ে দেওয়া হবে।’
এ সময় বাংলাদেশের গণমাধ্যম সাম্প্রতিক সময়ে একটি দলের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ করেন তিনি। এই গণমাধ্যমগুলো অভ্যুত্থানের সময়েও একটি দিকে ঝুঁকে ছিল বলে মন্তব্য করেন জামায়াত আমির।
তিনি বলেন, ‘আমরা চাই গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক। তারা যদি নিজেরাই পরাধীনতার শৃঙ্খল গলায় পরে তবে জনগণের সঙ্গে প্রতারণা করা হবে৷ প্রশাসন বা গণমাধ্যম যে যেই ভূমিকা পালন করছে জনগণ সবই মনে রাখছে। জনগণকে বোকা ভাবার কোনো কারণ নেই।’

অনলাইন ডেস্ক 



















