লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়ন পরিষদ চত্বরে উত্তরের তরুণ সাংবাদিক মো. ওয়াদুদ আহমেদ মিলুর উপর হামলার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, চলবলা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান ও যুবদল সভাপতি আলাল উদ্দিনের লোকজন এই হামলা চালায়।
অভিযোগে আরও বলা হয়, মাদক ব্যবসা ও আওয়ামী লীগের এক নেতার সাথে সংশ্লিষ্টতার বিষয়ে দৈনিক ভিশন বাংলায় সংবাদ প্রকাশের পরই এই হামলার শিকার হন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। অভিযোগগুলো এখনো তদন্তে প্রমাণিত নয়।
সাংবাদিক মিলু জানান, মামলা করার দীর্ঘ ৬ মাস পেরিয়ে গেলেও প্রশাসনিকভাবে এখনো কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।
এ ঘটনার প্রতিবাদে এবার আগামী ৭২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার না হলে আন্দোলনের ডাক দিয়েছে সীমান্ত জনকল্যাণ ক্লাব।
সংগঠনের নেতারা বলেন, সাংবাদিকের উপর হামলা মানে মত প্রকাশের স্বাধীনতার উপর হামলা। দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ বিষয়ে কালীগঞ্জ থানা পুলিশ জানায়, মামলাটি তদন্তাধীন রয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি 


















