পাবনার ভাঙ্গুড়ায় নারী ফুটবলের প্রসারে বড়াল কিশোর ক্রীড়া চক্রের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাকে কেন্দ্র করে দর্শকদের উপস্থিতি ও উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নাটোর ও দিনাজপুরের দুটি নারী ফুটবল দলের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। পরে আয়োজক ও দলীয় ব্যবস্থাপকদের সিদ্ধান্তে উভয় দলকে বিজয়ী ঘোষণা করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ভাঙ্গুড়া পৌরসভার ঐতিহাসিক বড়ালব্রিজ খেলার মাঠে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় নাটোর জেলার নর্থ বেঙ্গল প্রমীলা ফুটবল একাদশ ও দিনাজপুর জেলার নওশীন প্রমীলা ফুটবল একাদশ।
সরেজমিনে দেখা যায়, খেলা উপভোগ করতে ভাঙ্গুড়ার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের অঞ্চল থেকে বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন। পুরুষ দর্শকদের পাশাপাশি নারী দর্শকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।
স্থানীয় ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ ধরনের আয়োজন গ্রামের মেয়েদের ফুটবলের প্রতি আগ্রহী করে তুলবে এবং নারী খেলোয়াড়দের এগিয়ে যেতে উৎসাহিত করবে। দর্শকদের ব্যাপক সাড়া পেয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ জানিয়েছেন আয়োজকেরা।
পাবনার ফরিদপুর উপজেলার হাদল গ্রাম থেকে খেলা দেখতে আসা হাদল মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি মো. আরিফুল ইসলাম বলেন, দুই দলের খেলা দেখে তিনি মুগ্ধ হয়েছেন। খেলার প্রতিটি মুহূর্ত ছিল উত্তেজনাপূর্ণ। মফস্বল এলাকায় এমন সুন্দর ফুটবল আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে।
ভাঙ্গুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ক্রীড়া ব্যক্তিত্ব মো. আব্দুল মতিনের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান। খেলা শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর ফাজিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মো. আব্দুল হামিদ, বড়াল কিন্ডারগার্টেনের ক্রীড়া শিক্ষক বি. এম. ছানাউল্লাহ, মো. কবিরুজ্জামান ও ফজলুল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোজাহিদ স্বপন, সদস্যসচিব প্রভাষক সরদার জাফর ইকবাল হিরোক, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম বরাত, পৌর বিএনপির সাবেক সভাপতি শামসুল হক, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম বুরুজ, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনলাইন ডেস্ক 


















