নাটোরের সিংড়া উপজেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমন ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা।
হঠাৎ দুই দিনের বৃষ্টিতে জমিতে পানি জমে কেটে রাখা আমন ধান তলিয়ে গেছে। এতে পাকা ধান কাটতে ও কেটে রাখা ধান ঘরে তুলতে সমস্যায় পড়েছেন কৃষকেরা। ফসলের ক্ষতির আশঙ্কায় চরম দুশ্চিন্তায় রয়েছেন তারা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার শুকাশ, ডাহিয়া ও ইটালি ইউনিয়নের বিভিন্ন মাঠে কেটে রাখা আমন ধান বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে। কোথাও ধানের গোছা পানির নিচে, আবার কোথাও কাটা ধান জমিতেই পড়ে আছে। ফলে ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের।
উপজেলার শ্রীকোল গ্রামের কৃষক মো. আব্দুল হক বলেন, জমিতে ধান পেকে যাওয়ায় আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আশঙ্কা দেখে দ্রুত ধান ঘরে তোলার চেষ্টা করছিলেন। এ জন্য শ্রমিকদের বেশি মজুরি দিয়ে ধান কাটাচ্ছিলেন। তার ১০ বিঘা জমির মধ্যে ৪ বিঘার ধান ঘরে তুলতে পারলেও বাকি ৬ বিঘার ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। হঠাৎ বৃষ্টি হওয়ায় সেগুলো আর ঘরে তুলতে পারেননি।
সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, উপজেলায় প্রায় ২৩ হাজার ৬১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ৪ হাজার ২৫০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় কয়েকটি ইউনিয়নের কিছু জমিতে পানি জমে কৃষকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে দু-এক দিনের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

নাটোর প্রতিনিধি 


















