লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৭নং চলবলা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী আলোচনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় চলবলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘হৃদয়ের ভাবনা—চলবলা ইউনিয়ন’ অনুষ্ঠানে স্থানীয়দের সমর্থনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের আগ্রহের কথা তুলে ধরেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব রেজাউল করিম মানিক।
অনুষ্ঠানে স্থানীয় নারী-পুরুষ, তরুণ, প্রবীণ, কৃষক, শ্রমিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত অনেকেই ইউনিয়নের উন্নয়ন ও নেতৃত্ব নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং রেজাউল করিম মানিকের প্রতি সমর্থন জানান।
স্থানীয়দের কেউ কেউ বলেন, দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতার মাধ্যমে চলবলার মানুষের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেছেন। ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থাকবেন বলে তারা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রেজাউল করিম মানিক বলেন, তিনি চলবলার মানুষের সন্তান ও ভাই। চেয়ারম্যান পদকে তিনি ক্ষমতা নয়, বরং দায়িত্ব হিসেবে দেখতে চান। সুযোগ পেলে চলবলা ইউনিয়নকে মাদক ও দুর্নীতিমুক্ত করে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, মানুষের দোয়া ও ভালোবাসাই তার প্রত্যাশা।
অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা নূর মোহাম্মদ মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর প্রত্যাশা, ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনায় রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা, কৃষকদের ন্যায্য অধিকার এবং যুবসমাজের কর্মসংস্থানের বিষয়গুলো গুরুত্ব পাবে।
আয়োজকরা জানান, চলবলা ইউনিয়নের ভবিষ্যৎ নেতৃত্ব ও উন্নয়ন নিয়ে সাধারণ মানুষের মতামত জানতেই এ আয়োজন করা হয়েছে।

ওয়াদুদ আহমেদ মিলু লালমনিরহাট প্রতিনিধি 


















