চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ভাঙ্গুড়া উপজেলার দহপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে হৃদয় হোসেন (২৭)কে আটক করা হয়েছে। পরে তাকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসানের আদালতে হাজির করা হলে আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অন্যদিকে, উপজেলা পরিষদের শিশু পার্কে ধূমপান করার অপরাধে তিনজনকে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, শিশুদের খেলার পরিবেশ দূষিত করার দায়ে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুর রহমান।
চাটমোহর থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ নভেম্বর শনিবার সন্ধ্যায় পৌর সদরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে হৃদয় হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। আগামীকাল রবিবার তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

অনলাইন ডেস্ক 


















