নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল বাজার এলাকায় পরিত্যক্ত একটি ব্যাগ থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।
রোববার (২২ নভেম্বর) সকালে এসআরবি-৫ রাজশাহীর সিপিসি-২ কোম্পানির স্কোয়াড কমান্ডার ও সহকারী পুলিশ সুপার তন্ময় বিশ্বাস এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত ১টা ৩০ মিনিটের দিকে নলডাঙ্গা থানার পাটুল নিচা বাজার এলাকায় পাটুল থেকে খোলাবাড়িয়াগামী সড়কের পশ্চিম পাশে একটি ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে সাদা রঙের একটি বাজারের ব্যাগ পড়ে থাকার খবর পায় এসআরবি-৫-এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের আভিযানিক দল। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ঘটনাস্থলে পৌঁছান এসআরবি সদস্যরা।
রাত ৩টা ৪০ মিনিটের দিকে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় উপস্থিত লোকজনের সামনে ব্যাগটি তল্লাশি করা হয়। এ সময় এর ভেতর থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে ককটেলগুলো জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার জাহান ঢাকা পোস্টকে বলেন, শনিবার রাতে এসআরবি-৫ নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় কালো টেপ দিয়ে মোড়ানো ছয়টি ককটেল উদ্ধার করে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিডিমূলে উদ্ধার করা ককটেলগুলো গ্রহণ করে।
ককটেল উদ্ধারের ঘটনায় কেউ আটক হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

নাটোর প্রতিনিধি 


















