সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা খেয়াঘাটসংলগ্ন করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাহফুজুর রহমান প্রিন্স (৩৫) নামে এক যুবকের মরদেহ প্রায় ১৮ ঘণ্টা পর উদ্ধার করেছে ডুবুরি দল। প্রিন্স ঢাকা এয়ারপোর্ট থানা এলাকার আব্দুল বারেকের ছেলে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে দ্বিতীয় দফায় উদ্ধার অভিযান শুরুর প্রায় দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ৮টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ পারভেজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মাহফুজুর রহমান প্রিন্স চার বন্ধুকে নিয়ে ঢাকা থেকে শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া এলাকার খোরশেদ আলমের বাড়িতে বেড়াতে আসেন। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে তিনি বন্ধুদের সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নামেন। এ সময় কিছুক্ষণ সাঁতার কাটার পর তাঁর বন্ধুরা তীরে উঠতে সক্ষম হলেও প্রিন্স নদীতে তলিয়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় প্রায় চার ঘণ্টা খোঁজাখুঁজি করেও ওই যুবককে উদ্ধার করতে পারেননি। সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা অভিযান চালায়। তবে নিখোঁজ যুবকের সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়।
আজ বৃহস্পতিবার সকাল ৭টায় ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টা পর তারা ওই যুবকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নদী থেকে উদ্ধার করা মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনলাইন ডেস্ক 


















