নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, নাশকতা, হত্যা, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জিয়া পরিষদ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে জেলা জিয়া পরিষদের উদ্যোগে শহরের কানাইখালী এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জিয়া পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার সংশ্লিষ্টতা রয়েছে। তারা নিরীহ মানুষ হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। ২০২৪ সালের ২৪ জুলাই আওয়ামী লীগের সহিংসতায় দেশের হাজার হাজার মানুষ নিহত হয়েছেন বলে বক্তারা অভিযোগ করেন। আন্দোলনের মুখে দলটির নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন বলেও তাঁরা মন্তব্য করেন।
নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি উপাধ্যক্ষ আহমুদুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ।
এ ছাড়া বক্তব্য দেন নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহ মো. শফিকুল ইসলাম , সহসভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, নলডাঙ্গা উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক এ এন এম শামসুজ্জামান রুপম, বাগাতিপাড়া উপজেলা সভাপতি অধ্যক্ষ মো. মকবুল হোসেন, সিংড়া উপজেলা সভাপতি অধ্যাপক মো. হারুন অর রশিদ, গুরুদাসপুর উপজেলা সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান রাসেল এবং নাটোর সদর উপজেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মোঃ আব্দুল হাকিম, নাটোর প্রতিনিধি 


















