পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর মাছের হাটে অভিযান চালিয়ে প্রায় ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় জাটকা বিক্রির দায়ে মো. সাগর নামে এক মাছ বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ নভেম্বর) উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আলী আজম।
অভিযানকালে জাটকা বিক্রির অপরাধে মাছ বিক্রেতা মো. সাগরকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রায় ৪০ কেজি জাটকা জব্দ করা হয়।
পরে জব্দ করা মাছ উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে আসা হয়। বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের আগে উপজেলার আটটি এতিমখানা ও মাদ্রাসার মধ্যে মাছগুলো বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, জাটকা সংরক্ষণ, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্ক 


















