বগুড়ার ধুনটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ব্যবহার নিষিদ্ধ পলিথিনের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে মজুত থাকা বিপুল পরিমাণ পলিথিন পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেলকুচি গ্রামের ইটভাটা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় গুদামে ছয়জন নারী শ্রমিকসহ কাজ করছিলেন আবুল হোসেন। হঠাৎ পাশের বৈদ্যুতিক মিটার সংযোগে বিকট শব্দ হলে গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পলিথিনে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে শ্রমিকরা দ্রুত গুদাম থেকে বেরিয়ে আসেন। এতে তাঁরা প্রাণে রক্ষা পেলেও আগুনে গুদামের অধিকাংশ পলিথিন পুড়ে যায়।
খবর পেয়ে ধুনট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অনলাইন ডেস্ক 


















