রংপুর মহানগরীর পর্যটন মোটেলের সামনে পার্ক করে রাখা জুলাই যোদ্ধা নাহিদ ইকবাল মাসুমের মালিকানাধীন লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে নগরীর সিদ্দিকিয়া বিশ্ব মুসলিম উম্মাহ মিশনের সামনে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন কোচিং সেন্টার কর্তৃপক্ষ।
কোচিং সেন্টারের পরিচালক নাহিদ ইকবাল মাসুম জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি খবর পান, পর্যটন মোটেলের বিপরীতে পার্কিংয়ে রাখা শিক্ষার্থী পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
তিনি আরও জানান, দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের প্রতিদিন এই বাসে করে কোচিং সেন্টারে আনা-নেওয়া করা হতো। রাতে বাসটি ওই স্থানে পার্ক করে রাখা হতো এবং নিরাপত্তার জন্য এর ব্যাটারি খুলে কার্যালয়ে রাখা হতো। বাসটি পুড়ে যাওয়ায় কোচিং সেন্টারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
নাহিদ ইকবাল মাসুম বলেন, জুলাই আন্দোলনের পুরো দেড় মাস তিনি রাজপথে সক্রিয় ছিলেন। তাঁর কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই। সব রাজনৈতিক মতাদর্শের পরিবারের সন্তানরা তাঁর প্রতিষ্ঠানে পড়াশোনা করে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি বাসটির ক্ষতিপূরণ দাবি করেন তিনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী সিদ্দিকিয়া বিশ্ব মুসলিম উম্মাহ মিশনের শিক্ষার্থী মোহাম্মদ ওয়ালীউল্লাহ জানান, রাত সাড়ে ৩টার পর বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। বাইরে বের হয়ে মাদ্রাসার সামনে পার্ক করা বাসটিতে আগুন জ্বলতে দেখেন। পরে বিষয়টি মাদ্রাসার প্রধান শিক্ষককে জানান। আশপাশের লোকজন ছুটে আসেন। এক নিরাপত্তাকর্মী ফায়ার সার্ভিসে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। তবে এর আগেই বাসটি পুড়ে যায়।
মাদ্রাসার প্রধান শিক্ষক এনামুল কবির জানান, শিক্ষার্থী অলিউল্লাহ তাঁকে ঘুম থেকে ডেকে বাসে আগুন লাগার খবর দেয়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে আগুন জ্বলতে দেখেন এবং মুঠোফোনে ভিডিও ধারণ করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রংপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মঞ্জিল মাহমুদ জানান, খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসটির অধিকাংশ পুড়ে গিয়েছিল। পরে পুলিশের সহযোগিতায় আগুনের বাকি অংশ নেভানো হয়। অগ্নিকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অনলাইন ডেস্ক 


















