জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে দিনাজপুর জেলা পর্যায়ে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন দিনাজপুর জিলা স্কুলের বাংলা বিভাগের সহকারী শিক্ষক মো. শাহজাহান আলী সাজু। শিক্ষকতা, সাহিত্যচর্চা ও শিক্ষা ক্ষেত্রে উদ্ভাবনী কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক মো. মোফাজ্জল হোসেন দুলাল এবং জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আলাউদ্দিন আল আজাদ।
এ নিয়ে শাহজাহান আলী সাজু চতুর্থবারের মতো জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন। এর আগে ২০১৮, ২০২২ ও ২০২৪ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেন তিনি।
শিক্ষকতা পেশায় আসার অনুপ্রেরণা সম্পর্কে শাহজাহান আলী সাজু বলেন, ‘আমি শিক্ষকই হতে চেয়েছিলাম। ছোটবেলা থেকেই মনে করতাম—Our teacher, our hero। এই চেতনা থেকেই সম্ভবত আমার মধ্যে শিক্ষকতার বীজ রোপিত হয়েছিল।’

তিনি ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে বিভাগীয় সংগঠন ‘তীর্থ সারথী’র সভাপতি নির্বাচিত হন। এ ছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের সঙ্গে যুক্ত থেকে নেতৃত্ব দিয়েছেন। প্রতিষ্ঠা করেছেন সাহিত্য সংসদ ও বিজ্ঞান চেতনা পরিষদ। সম্পাদনা করেছেন ‘কাদামাটি’ নামের একটি ছোটকাগজ।
স্কুলজীবনে দেয়ালিকায় কবিতা লেখার মধ্য দিয়ে তাঁর সাহিত্যচর্চার হাতেখড়ি। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষ থেকে শুরু করেন প্রবন্ধচর্চা। সাহিত্য সমালোচনা এবং কথাসাহিত্যের পুনঃপাঠ ও বিশ্লেষণধর্মী তাঁর বেশ কিছু লেখা বিভিন্ন লিটলম্যাগ ও জাতীয় দৈনিকের সাহিত্য পাতায় প্রকাশিত হয়েছে।
তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘ভাষা শহীদ’ (২০০৮), ‘কণ্ঠশিল্পী আব্বাসউদ্দীন’ (২০১১), ‘নেতাজি সুভাষচন্দ্র বসু’ (২০১২), ‘সেক্টর কমান্ডার’ (২০১২), ‘মওলানা ভাসানী’ (২০১৫) এবং ‘শ্রেষ্ঠ কবিতা : বুদ্ধদেব বসু’ (সম্পাদনা, ২০১২)।
২০০৫ সালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে খণ্ডকালীন প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। ২০০৮ সালে উত্তরার মাইলস্টোন কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০১১ সালে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। এরপর ২০১৪ সাল থেকে দিনাজপুর জিলা স্কুলের বাংলা বিভাগের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে গড়ে তুলেছেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাদের মনোজগৎ বোঝার চেষ্টা করেন তাদের মতো করেই। পাঠদানের বাইরে শিক্ষার্থীদের সঙ্গে খেলাধুলা ও সাইকেল চালান। জীবনের নানা অভিজ্ঞতার গল্প শুনিয়ে প্রতিকূলতা মোকাবিলা, স্বপ্ন দেখা এবং আলোর পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দেন। পাশাপাশি একুশ শতকের উপযোগী জীবনদক্ষতা অর্জনেও শিক্ষার্থীদের উৎসাহিত করেন। বিদ্যালয়ের বিভিন্ন সৃজনশীল সহশিক্ষা কার্যক্রম ও ক্লাবের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন তিনি।
শিক্ষকতা ও শিক্ষা কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৮ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। ২০২২ সালে উপজেলা, জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেন। ২০২৪ সালে পুনরায় উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। ২০২৫ সালে দিনাজপুর সদর উপজেলা, জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেন। সর্বশেষ ২০২৬ সালে আবারও উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের স্বীকৃতি অর্জন করেন।
শিক্ষাক্ষেত্রে উদ্ভাবনী উদ্যোগেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অবদান। ২০১৭ সালে দিনাজপুর জিলা স্কুলে ‘Flapper Education Board’ (ফ্ল্যাপার এডুকেশন বোর্ড) স্থাপন করেন তিনি। উদ্যোগটি জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালকের স্বীকৃতি লাভ করে। পরবর্তী সময়ে ২০১৯ সালে দিনাজপুরে শিক্ষা, লাইব্রেরি ও ক্যাফের সমন্বয়ে বহুমাত্রিক শিক্ষামূলক প্ল্যাটফর্ম ‘Education Cafe’ প্রতিষ্ঠা করেন। ২০২২ সালে প্রতিষ্ঠানটি রংপুর বিভাগীয় ইনোভেশন শোকেসিংয়ে জেলা পর্যায়ে প্রথম এবং বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয়।
শিক্ষকতা, সাহিত্যচর্চা, সৃজনশীল কর্মকাণ্ড ও শিক্ষা উদ্ভাবনে ধারাবাহিক অবদানের মাধ্যমে মো. শাহজাহান আলী সাজু দিনাজপুরের শিক্ষাঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। তাঁর এই অর্জন শিক্ষক-শিক্ষার্থীসহ জেলার শিক্ষা-সংশ্লিষ্ট সবার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দিনাজপুর প্রতিনিধি 

















