বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ওরিয়েন্টেশন উদযাপন কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ১৬ নভেম্বর সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে নবীন শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৫টায় আয়োজন করা হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ইউট্যাবের মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মুজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।

ববি প্রতিনিধি 


















