রাজশাহী রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের পুলিশি সেবার মানোন্নয়নে রেঞ্জের সব থানার অফিসার ইনচার্জদের (ওসি) সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের আয়োজনে রাজশাহী জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম।

সভায় রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও কিশোর গ্যাং দমন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং থানা পর্যায়ে জনগণের পুলিশি সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করা, অভিযোগের যথাযথ গুরুত্ব প্রদান এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে ডিআইজি থানার অফিসার ইনচার্জদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভায় কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; পুলিশ সুপার, রাজশাহী; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার 


















