পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, দুর্বৃত্তরা জয়বাংলা স্লোগান দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়।
গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার (১১ নভেম্বর) রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা সংস্থার শাখা অফিসের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়। পরে অফিসের থাই গ্লাসগুলো ভাঙচুর করে। যাওয়ার সময় অফিসের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় তারা।

এ সময় অফিসের ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকারে বাসার মালিক, অফিসের কর্মচারী ও স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আসাদুজ্জামান আরও জানান, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি। তবে এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশের টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

অনলাইন ডেস্ক 


















