নওগাঁর রাণীনগরে মোছা. রাহি আক্তার (১৬) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। গত সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে ১০টার মধ্যে নিজ বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় রাহির পরিবার রাণীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
নিখোঁজ রাহি আক্তার উপজেলার গিরিগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা বর্তমানে সৌদি আরবে কর্মরত রয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সকালে বাসা থেকে একা বের হয়ে যায় রাহি। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের সময় তার পরনে ছিল সবুজ রঙের বোরকা ও হিজাব।
এলাকাবাসীর তথ্য অনুযায়ী, নিখোঁজের দিন রাণীনগরের জয়েনগর বাইপাস এলাকায় রাহিকে সর্বশেষ দেখা গেছে বলে জানা গেছে।
রাহির চাচাতো ভাই নয়ন জানান, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে রাণীনগর থানায় জিডি করা হয়েছে। দীর্ঘ সময় ধরে মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় প্রবাসী বাবা ও পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
রাহি আক্তারের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে বা এ বিষয়ে কোনো তথ্য জানতে পারলে দ্রুত ০১৭২২৯৬৭৮৫১ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি 


















