কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৫টার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।
তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। এ পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে আশপাশের হোটেলে অবস্থানরত পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের জন্য সড়কে বেরিয়ে আসেন।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন উখিয়ার ইনানী টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয়। এর ছয় দিন পর, ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে হোটেল সি প্রিন্সেসে আগুন লাগে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

অনলাইন ডেস্ক 



















