ভোলার মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসা পরিচালনার অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় ঘটনাস্থল থেকে ২৬ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। তবে দুই খদ্দের ও এক মোটরসাইকেলচালক পালিয়ে গেছেন।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের পুরোনো হাসপাতাল এলাকার স্লুইসগেট সংলগ্ন ঝোপ থেকে তাঁদের আটক করা হয়। পরে শনিবার বেলা ১১টার দিকে আইনি প্রক্রিয়া শেষে আটক দম্পতিকে আদালতে পাঠায় পুলিশ।
আটক স্বামীর নাম মিজান। তিনি উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর স্ত্রী রাণি বেগম (ছদ্মনাম) দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয়ভাবে মিজান ‘জাটকি মিজান’ নামে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলচালক মাজেদের সহায়তায় স্ত্রীকে নিয়ে হাজিরহাট ইউনিয়নের পুরোনো হাসপাতাল এলাকার স্লুইসগেট সংলগ্ন বেড়িবাঁধে আসেন মিজান। সেখানে দুই খদ্দেরের সঙ্গে যৌনকর্মের জন্য পাঁচ হাজার টাকায় চুক্তি হয় বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে স্বামী-স্ত্রী দুজনই স্লুইসগেট সংলগ্ন ঝোপে লুকিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে মোটরসাইকেলচালক মাজেদ ও দুই খদ্দের পালিয়ে যান।
পুলিশ জানায়, আটক রাণি বেগমের কাছ থেকে ২৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে আটক দম্পতির দাবি, পেটের দায়ে তাঁরা এ পেশায় জড়িয়েছেন। উদ্ধার করা ইয়াবা তাঁদের নয়; মোটরসাইকেলচালক মাজেদ তাঁদের কাছে রেখে পালিয়ে গেছেন।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটক স্বামী-স্ত্রীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

অনলাইন ডেস্ক 



















