নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে ধাক্কা লেগে নাসিম হোসেন (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার উজানি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিম হোসেন উপজেলার উজানি গ্রামের মাহমুদুলের ছেলে। তিনি নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে চৌমাশিয়া (নওহাটা) মোড় থেকে মোটরসাইকেল পরিষ্কার করে বাড়ির উদ্দেশে রওনা দেন নাসিম। পথে উজানি গ্রামে পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বাড়িতে ধাক্কা লাগে। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি 



















