পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীকে দেখতে এসে বাক্বিতণ্ডার জেরে শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামাতা শাওনের বিরুদ্ধে। ঘটনার পরপরই হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি।
সোমবার (২৩ নভেম্বর) রাতে কলাপাড়া হাসপাতালে এ ঘটনা ঘটে।
আহত সাথী বেগম (৪০) উপজেলার ধানখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গন্ডামারা গ্রামের মো. মোশাররফ মোল্লার স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন শারীরিক সমস্যার কারণে গত ৯ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন সাথী বেগমের মেয়ে আলিফা। মেয়ের দেখাশোনার জন্য হাসপাতালে অবস্থান করছিলেন তিনি। সোমবার রাতে আলিফার স্বামী শাওন হাসপাতালে এসে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে মেয়েকে রক্ষা করতে এগিয়ে যান সাথী বেগম। এ সময় শাওন পকেট থেকে ধারালো অস্ত্র বের করে তাঁর মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা সাথী বেগমকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁর মাথায় সাতটি সেলাই দেন। এদিকে ঘটনার পর অভিযুক্ত শাওন পালিয়ে যান।
অভিযুক্ত শাওন কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন,এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক 


















