মক্কাকে লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের হামলাকে ধর্মীয় ও মানবিক মূল্যবোধের ওপর গুরুতর আঘাত এবং ‘মহাপাপ’ হিসেবে আখ্যায়িত করেছেন সৌদি আরবের দুই পবিত্র মসজিদের ইমাম।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সৌদি গেজেটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব শেখ বান্দার বালিলা শুক্রবারের খুতবায় বলেন, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরপরাধ মানুষের জীবন রক্ষা করা কোনোভাবেই আপসের বিষয় নয়। এটি একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা।
তিনি বলেন, আল্লাহর ঘর ও মসজিদে নববীকে লক্ষ্যবস্তু করার মতো কর্মকাণ্ডের সঙ্গে ইসলামের প্রকৃত শিক্ষার কোনো সম্পর্ক নেই। তাঁর অভিযোগ, নিজেদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে আড়াল করতে হুথিরা ধর্মীয় স্লোগান ব্যবহার করছে।
অন্যদিকে, মদিনার মসজিদে নববীর ইমাম শেখ আবদুল মহসিন আল-কাসিম বলেন, মক্কা ও মদিনার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা হুথিদের হামলা তাদের দীর্ঘদিনের সহিংস কর্মকাণ্ডেরই ধারাবাহিকতা। এসব হামলার মাধ্যমে নিরপরাধ মুসলিমদের জীবন ঝুঁকিতে ফেলা এবং শান্তিপূর্ণ মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই শহরটির দক্ষিণাঞ্চলে একটি হুথি ড্রোন শনাক্ত করে ধ্বংস করে সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী।
ইয়েমেনের বৈধ সরকারকে সহায়তাকারী সামরিক জোট জানায়, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ড্রোনটি ধ্বংস করা হয়। ২০১৭ সালের জুলাইয়ে মক্কাকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর এটি হুথিদের দ্বিতীয় এমন হামলার ঘটনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শেখ বান্দার বালিলা বলেন, এ ধরনের হামলা সৌদি আরবের নেতৃত্ব ও জনগণের ঐক্যকে আরও দৃঢ় করবে। একই সঙ্গে মুসলিম বিশ্বের কিবলা হিসেবে মক্কার মর্যাদা ও অবস্থান চিরকাল অটুট থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

অনলাইন ডেস্ক 


















