বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, “নিষ্পাপ শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। রাষ্ট্রের উজ্জ্বল সম্ভাবনা। তারাই আগামীর বাংলাদেশকে আলোকিত করতে পারবে।”
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় পাবনা শহরের বাংলাদেশ ঈদগাহ মাঠে আয়োজিত পাবনায় সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে বার্ষিক দোয়া মাহফিল, ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬, পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। ডিজিটাল শিক্ষায় শিক্ষার্থীদের আরও উৎসাহিত করতে সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজকে ৫টি কম্পিউটার উপহার দেওয়ার ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিএনপি পাবনা জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ঈদগাহ ও জমঈয়তে আহলে হাদীস পাবনার সভাপতি মো. ইমদাদ হোসেন, রাফা ফুড ও হাকীম জুট মিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. সাফিয়া আক্তার অপু, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোছা. সাঈদা শবনম, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট পাবনার আহ্বায়ক মো. হাফিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মো. শাহাদত হোসেন, যুবদল পাবনা জেলা শাখার আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানাসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ট্রাস্টের সদস্য ও দৈনিক ইছামতির বার্তা সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পাবনা প্রতিনিধি 




















