প্রবাসে উত্তরবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে প্রথমবারের মতো বর্ণাঢ্য পিকনিকের আয়োজন করেছে উত্তরবঙ্গ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ঐতিহ্যবাহী গ্রিফিথ পার্কের মেরি গো রাউন্ড এলাকায় অনুষ্ঠিত হয় এ আনন্দঘন আয়োজন। দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা পিকনিকে নারী-পুরুষ, শিশু, তরুণ ও প্রবীণসহ তিন হাজারেরও বেশি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
অনুষ্ঠানে ছিল মুখরোচক খাবার, পারিবারিক আড্ডা, শিশু-কিশোর ও বড়দের জন্য নানা ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় র্যাফেল ড্র। দীর্ঘদিন পর প্রবাসের মাটিতে স্বজন, বন্ধু ও পরিচিতজনদের সঙ্গে একত্রিত হওয়ার সুযোগ পেয়ে অংশগ্রহণকারীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
বিশেষ করে শিশু-কিশোরদের আনন্দ-উচ্ছ্বাস, বড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও স্মরণীয়। প্রবাসজীবনের ব্যস্ততার মাঝে এমন আয়োজন যেন সবাইকে ফিরিয়ে নিয়ে যায় শৈশব, শেকড় ও আপনজনের সান্নিধ্যে।

আয়োজকদের মূল লক্ষ্য ছিল প্রবাসে বসবাসরত উত্তরবঙ্গের মানুষের মধ্যে পারস্পরিক পরিচিতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন জোরদার করা। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে উত্তরবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি ও শেকড়ের পরিচয় তুলে ধরাও ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
উত্তরবঙ্গ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার প্রথম এই পিকনিক প্রবাসী উত্তরবঙ্গবাসীর মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আনন্দমুখর পরিবেশ আয়োজনটিকে সফল করে তোলে। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রবাসে উত্তরবঙ্গের মানুষের ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য আরও বিকশিত হবে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উত্তরবঙ্গ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জহির উদ্দিন আহমেদ পান্না, আজিজ মোহাম্মদ হাই ও রুহুল আমিনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
—————————————-
লেখকঃ ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, স্যান বার্নারডিনো (CSUSB)-এর প্রাক্তন শিক্ষার্থী।
সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে কর্মরত

আনোয়ার হোসেন 




















