‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে পায়রা উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার।
উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি চিকিৎসক ডা. উম্মে আরেফিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন, পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম, ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবুল কাশেম, পুরস্কারপ্রাপ্ত ডেইরি খামারি সুলতানা পারভীন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু এবং চাটমোহর মহিলা দলের নেত্রী রহিমা রেজাসহ অনেকে।
আলোচনায় বক্তারা ভেজাল দুধ প্রতিরোধ, প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা কাজে লাগানো, আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগবালাই নিয়ন্ত্রণ এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি দুধ, ডিম ও মাংস সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের দাবিও জানান তারা।
অনুষ্ঠানে স্থানীয় খামারি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক 


















