সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে কালীগঞ্জে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “দালাল নয়, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা এ দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী” — এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ঔষধ কোম্পানির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সোমবার (১১ মে) সকাল ১০টায় কালীগঞ্জ সরকারি হাসপাতালের সামনে কালীগঞ্জ ফারিয়ার আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। সারাদেশে একযোগে পালিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ মানববন্ধনে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং পেশাগত মর্যাদা রক্ষার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কালীগঞ্জ ফারিয়ার সভাপতি মো. আমির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম, সহ-সভাপতি শামসুল হক, সাংগঠনিক সম্পাদক মো. শাহাজাহান কবিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা দেশের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। চিকিৎসকদের কাছে বিভিন্ন ওষুধের কার্যকারিতা ও তথ্য পৌঁছে দিয়ে তারা চিকিৎসা ব্যবস্থাকে আরও কার্যকর করতে সহায়তা করছেন। তাই তাদের হয়রানি বন্ধ করে নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
এসময় কালীগঞ্জ ফারিয়ার সভাপতি মো. আমির হোসেন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংগঠনের নিয়ম-নীতি মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি নিজ নিজ কোম্পানির দিকনির্দেশনা অনুসরণ করে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। মানববন্ধনে অংশগ্রহণ করায় সকল প্রতিনিধিকে ধন্যবাদও জানান তিনি।

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার 


















