ভারতের উজান থেকে নেমে আসা ঢলের প্রভাবে রাজশাহীতে পদ্মা নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী পয়েন্টে নদীর পানির উচ্চতা ০.৩১ সেন্টিমিটার বেড়েছে। তবে পানি এখনও বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় তাৎক্ষণিক বন্যার কোনো আশঙ্কা নেই।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, রোববার (১২ জুলাই) সকাল ৯টায় রাজশাহী নগরীর বড়কুঠি পয়েন্টে পদ্মা নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১০.৯০ মিটার, যা চলতি মৌসুমে এ পর্যন্ত সর্বোচ্চ।
পাউবোর তথ্য বলছে, জুন মাসের শেষ দিক থেকেই পদ্মার পানি ধীরে ধীরে বাড়তে শুরু করে। ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত পানির উচ্চতা ছিল ১০.৩৪ মিটার। এরপর ১০ জুলাই তা বেড়ে দাঁড়ায় ১০.৪১ মিটারে। ১১ জুলাই সকালে পানির উচ্চতা হয় ১০.৫৯ মিটার। আর মাত্র একদিনের ব্যবধানে তা আরও বেড়ে ১২ জুলাই ১০.৯০ মিটারে পৌঁছেছে।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক জানান, রাজশাহীতে পদ্মা নদীর বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে ১৮.৫০ মিটার। বর্তমানে নদীর পানি বিপৎসীমার প্রায় ৭.৬০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এখনই বন্যার কোনো শঙ্কা নেই। তবে উজান থেকে পানি বাড়ার ধারা অব্যাহত থাকায় পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান তিনি।

রাজশাহী প্রতিনিধি 



















