রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক ও সেকশন অফিসার নাজমুল হোসাইনকে ‘মব’ করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় আব্দুস সালাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানায় ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার ও ভিসির ব্যক্তিগত সহকারী (পিএস) নাজমুল হোসাইন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে উপাচার্যকে পদত্যাগে বাধ্য করা, সরকারি কাজে বাধা দেওয়া, ভয়ভীতি দেখানো, শারীরিকভাবে লাঞ্ছিত করা, সরকারি মালামাল লুট এবং উপাচার্যকে অবরুদ্ধ করে রাখার অভিযোগে মামলাটি করা হয়েছে।
মামলাটি রেকর্ডভুক্ত হওয়ার পর গভীর রাতে নগরীর প্যারামেডিক্যাল এলাকার একটি বাসা থেকে আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে উপাচার্যকে অপমান, অপদস্থ ও লাঞ্ছিত করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করার কথা জানিয়েছেন।
ঘটনার পর থেকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে। কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে উপস্থিত হলেও কাজের পরিবেশ না থাকায় স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছেন না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডা. মো. মোফাখখারুল ইসলাম।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এখনো কাজের পরিবেশ তৈরি হয়নি। পুরো ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়প্রধানের সঙ্গে এমন ঘটনার পর সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন।’

অনলাইন ডেস্ক 


















